সরকার পতনের একদফা দাবিতে বিরোধী দল বিএনপির ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ (৯ নভেম্বর)। আগামীকাল শুক্রবার সকাল ৬টায় শেষ হবে অবরোধ কর্মসূচি।
বুধবার ৮ (নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয় অবরোধ।
এদিকে অবরোধের প্রথমদিনে চট্টগ্রাম নগরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে রাজধানী ঢাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে।
অন্যদিকে অবরোধের তেমন একটা প্রভাব পড়েনি জনজীবনে। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই ছিল খোলা। তবে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলক কম ছিল। মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এদিকে অবরোধের শেষদিন আজও সকাল থেকে চট্টগ্রাম নগরে প্রথমদিনের চিত্রই দেখা গেছে। সবকিছুই স্বাভাবিক।
নগরের চকবাজার, বহদ্দারহাট, দুনম্বর গেট, জিইসি, লালখান বাজার, কাজির দেউড়ি, জামালখান, গনি বেকারি, কলেজ রোড, গুলজার মোড়ে যানবাহনের চাপ দেখা গেছে। ট্রাফিক পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালন করছে। যানাবাহনের চাপে কোথা কোথা গাড়ি থেমে থেমে চলেছে।
এর আগে বিএনপি ছাড়াও জামায়াত, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি, গণফোরাম-বিপিপিসহ কয়েকটি দল ও জোট পৃথকভাবে অবরোথ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
সোমবার (৬ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে একইদিন এক বিবৃতিতে আহ্বান জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।
প্রসঙ্গত, ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করে বিএনপিসহ মিত্ররা। এর আগে গত ৩১শে অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি এবং ২৯ অক্টোবর সারা দেশে হরতাল পালিত হয়েছে।
জেসি
আরও পড়ুন : বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু