তৃতীয় দফা অবরোধ শেষ হতে না হতেই দুদিনের বিরতি দিয়ে চতুর্থ দফায় আগামী রোববার থেকে ফের সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় তিনি বলেন, রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি চলবে। এ অবরোধে সংবাদমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারবহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান রিজভী।
তিনি বলেন, গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং গ্রেপ্তার হওয়া সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক মণ্ডলীসহ সারাদেশে হাজারো নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ১২ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।
এদিকে চলমান তৃতীয় দফার অবরোধ কর্মসূচি শেষ হবে শুক্রবার সকাল ৬টায়।
সরকার পতনের ‘এক দফা’ দাবিসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তিন দফায় সাত দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। বিএনপি ছাড়াও জামায়াত, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি, গণফোরাম-বিপিপিসহ কয়েকটি দল ও জোট পৃথকভাবে অবরোধ কর্মসূচি পালন করে।
এদিকে অবরোধে মাঠে নেই বিএনপিসহ মিত্রদলের নেতাকর্মীরা। যানবাহন, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে। মোড়ে মোড়ে সতর্ক অবস্থান পুলিশের। এছাড়া অবরোধে তেমন একটা প্রভাব নেই জনজীবনে।
প্রসঙ্গত, বুধবার (৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত তৃতীয় দফা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা দলগুলো।
এর আগে ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করে বিএনপিসহ মিত্ররা। এছাড়া ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি এবং ২৯ অক্টোবর সারা দেশে হরতাল পালিত হয়েছে।
জেসি