সীতাকুণ্ডে ঘূর্ণিঝড়ে ডুবে যাওয়া জাহাজের কর্মী মো. এমদাদুল হক রাসেলের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে কুমিরা সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। মো. রাসেল কুমিল্লা জেলার নাঙ্গল কোর্টের মৃত রফিকুল ইসলামের ছেলে।
নিহতের ভাই অহিদুল্লা বলেন রাসেল একটি জাহাজের শ্রমিক ছিলেন। গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে বঙ্গোপসাগরের হাতিয়া উপকূলে জাহাজটি ডুবে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। তবে ওই সময় জাহাজের অন্য শ্রমিকরা সাঁতরে কূলে উঠলেও রাসেলের সন্ধান পাওয়া যায়নি। আজ খবর পেয়ে উদ্ধার করা মরদেহটি রাসেলের বলে শনাক্ত করি।
কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাছির বলেন, কুমিরা ইউনিয়নের সাগর উপকূলে এক যুবকের মরদেহ সাগরে ভাসতে দেখে খবর দিলে গাউছিয়া কমিটির সদস্যরাসহ মিলে মরদেহটি উদ্ধার করি। এরপর স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন।
তিনি বলেন, আইনগত ব্যবস্থা শেষে মরদেহ নিহতের ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
জেসি