এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ফরম পূরণ করতে না দেয়ায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে পুকুরিয়া নাটমুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার(১৯ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে অর্ধশতাধিক এসএসসি পরীক্ষার্থী অংশ নেয়।
এসময় তারা বলেন, এসএসসি’র টেস্ট পরীক্ষার কয়েকটি বিষয়ে ভালো ফলাফল করতে না পারায় দ্বিতীয়বার পরীক্ষা নেয় স্কুল কর্তৃপক্ষ। এতে ভালো ফলাফল না করেও ৪ থেকৈ ৫ জন শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। এবং তাদের বঞ্চিত করেছে কর্তৃপক্ষ। স্কুলের শতভাগ সফলতা দেখানোর জন্যে প্রতিবছরই এভাবে অনেক শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়।
এদিকে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক মো. ইউনুস জাগো চট্টগ্রামকে বলেন, শিক্ষার্থীরা সবাই আমাদের সন্তান। তাদের সঙ্গে আমাদের শত্রুতা নেই। নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায়ও তারা ফলাফল ভালো করতে পারেনি। অভিভাবকদের অনুরোধ ও মানবিক দিক বিবেচনায় তাদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হয়। পরে টেস্ট পরীক্ষায়ও ৬ থেকে ৭ বিষয়ে ফেল করেছে তারা। তাই তাদের ফরম পূরণ করার সুযোগ দিতে পারছি না।
জেসি